প্রিন্ট এর তারিখঃ Nov 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 24, 2026 ইং
যুবকদের বিয়ে সহজ করতে বললেন ইরানের সর্বোচ্চ নেতা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতাবা খামেনেয়ী চতুর্থ জাতীয় জনসংখ্যা বৃদ্ধি পুরস্কার অনুষ্ঠানে পাঠানো এক বার্তায় শক্তিশালী ইরান গঠনে জনসংখ্যা বৃদ্ধির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেছেন।
তিনি বলেন, অতীতের কিছু জনসংখ্যা নীতির কারণে সৃষ্ট ঘাটতি অবশ্যই পূরণ করতে হবে।
তিনি ওই বার্তায় আরও বলেন, জাতীয় দৃঢ়তা, অগ্রগতি এবং আগের যে কোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী ইরান গড়ে তোলার জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ উপাদানগুলোর মধ্যে আগামীর ইরানের জনসংখ্যা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে কাঙ্ক্ষিত সব ধরনের গুণগত ও সংখ্যাগত বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখা অপরিহার্য।
সর্বোচ্চ নেতা বলেন, জনসংখ্যা বৃদ্ধি দেশের শক্তিকে বাস্তবে কাজে লাগানো এবং বিজ্ঞান, সংস্কৃতি, অর্থনীতি ও সামাজিক ক্ষেত্রে নতুন নতুন সুযোগ সৃষ্টি ও সেগুলোর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে শত্রুদের হুমকি ও বিদ্বেষমূলক কর্মকাণ্ড প্রতিহত করতেও এটি কার্যকর।
সাইয়্যেদ মোজতবা খামেনেয়ী বলেন, যুব বয়সে বিয়ের পথ সহজ করা, ব্যক্তিগত স্বাস্থ্য নিশ্চিত করা, সন্তান জন্মদানে সহায়তা করা এবং পরিবারকেন্দ্রিক সংস্কৃতির প্রসারে গুরুত্ব দেওয়া- এসবের প্রতিটিই ইরানকে আরও শক্তিশালী করার পথে একটি কার্যকর পদক্ষেপ।
নিঃসন্দেহে, যে কোনো দেশপ্রেমিক ইরানি, যিনি এই ভূ-খণ্ড ও এর জনগণের জন্য উজ্জ্বল ও গৌরবময় ভবিষ্যৎ কামনা করেন, তিনি নতুন ইসলামী সভ্যতার মানদণ্ডে ইরানিদের বংশধারা অব্যাহত রাখার জন্য দৃঢ় প্রেরণা ও সংকল্প ধারণ করবেন।
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।